ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ধামইরহাটে বিজিবির সংবাদ সম্মেলন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১২:৪৫ পিএম
বিজিবির সংবাদ সম্মেলন। ছবি : রূপালী বাংলাদেশ

নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধামইরহাটে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে বিজিবির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার ধামইরহাট সিদ্দিকীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত মিডিয়া ব্রিফিংয়ে বক্তব্য রাখেন পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচনকালে দায়িত্ব পালন এবং সরকার ও নির্বাচন কমিশনের প্রদত্ত সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চোরাচালান, মাদক ও অস্ত্রপাচারসহ সীমান্ত-সংক্রান্ত কোনো অপরাধ নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

তিনি আরও জানান, নওগাঁ জেলার পোরশা, সাপাহার ও ধামইরহাট তিনটি উপজেলায় চারটি করে, আরও আটটি উপজেলায় দুটি করে এবং নওগাঁ সদরে একটি রিজার্ভ প্লাটুনসহ মোট ২৯টি প্লাটুন বিজিবি নির্বাচনি দায়িত্ব পালন করছে। নির্বাচনি এলাকায় সীমান্ত সুরক্ষা আইন অনুযায়ী বিজিবির গোয়েন্দা বিভাগ কঠোর নজরদারি করছে।

এ সময় ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী, ধামইরহাট থানার ওসি মো. মোখলেছুর রহমান, ধামইরহাট সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল আলমসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।