নওগাঁর ধামইরহাট উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের গ্রাহক সেবা নম্বরে কল দিলে সাধারণ গ্রাহকদের সঙ্গে অসংলগ্ন আচরণের অভিযোগ উঠেছে। ধামইরহাট পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের গ্রাহক সেবার জন্য ব্যবহৃত নম্বর ০১৭৬৯৪০১৫৩৯-এ কল দিলে প্রায়ই সাধারণ গ্রাহকরা অসংলগ্ন আচরণের শিকার হন।
এছাড়াও লোডশেডিং হলে বিদ্যুৎ কখন আসবে গ্রাহকদের এমন প্রশ্নের উত্তরেও সঠিক তথ্য পাওয়া যায় না বলে অভিযোগ রয়েছে।
উপজেলার কয়েকজন গ্রাহকের অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার (১২ মার্চ) মাঝরাতে লোডশেডিং চলাকালীন সময়ে উক্ত নম্বরে কল দিয়ে এ ধরনের আচরণের সত্যতা পাওয়া যায়।
বিদ্যুৎ কখন আসবে গ্রাহকের এমন প্রশ্নের জবাবে ওপাশ থেকে অত্যন্ত কর্কশভাবে বলা হয়, ৩৩ কেভি লাইনে সমস্যা, কখন বিদ্যুৎ আসবে বলা যাচ্ছে না। কল দেওয়া সেই গ্রাহক তার এমন উত্তরে প্রতিবাদ করলে ওপাশে থাকা ব্যক্তি আবারও শিষ্টাচারবহির্ভূত উত্তর দেন।
১ মিনিট ১০ সেকেন্ডের সেই কথোপকথনের কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অত্র এলাকায় সমালোচনার ঝড় ওঠে। সুধী সমাজ ও সাধারণ গ্রাহকদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ধামইরহাট পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের গ্রাহক সেবা নম্বর থেকে পাওয়া এমন আচরণে ক্ষুব্ধ অনেকেই।
ধামইরহাট পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম আলমগীর কবিরকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এমন আচরণ যদি কেউ করে থাকেন, তাহলে তার বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হবে।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ প্রতিটি ট্রেনিং সেশনে গ্রাহকদের সঙ্গে সদাচরণ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত কড়া নির্দেশনা দিয়ে থাকে। তিনি এ ধরনের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন