ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘টর্চার সেলে’ নিয়ে নির্যাতনের অভিযোগ, এমপির বিরুদ্ধে নেতাকর্মীদের সংবাদ সম্মেলন

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ১১:৩২ পিএম
স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের সংবাদ সম্মেলন

নওগাঁর মান্দা উপজেলায় দলীয় নেতাকর্মীদের তুলে নিয়ে গিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর বিরুদ্ধে। এ অভিযোগে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির নেতারা।

সোমবার (৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে নওগাঁ শহরের মুক্তির মোড়ে একটি কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল) ও যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, রোববার (৫ এপ্রিল) বিকেলে মান্দা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদকে প্রসাদপুর বাজার এলাকা থেকে তুলে নিয়ে যান এমপির ঘনিষ্ঠ সহযোগী ও তার এপিএস মোহাম্মদ আলীসহ ১০–১২ জন। তাকে মারধর করে টেনে-হিঁচড়ে এমপির বাসভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে নিচতলার একটি কক্ষে আটকে রেখে নির্যাতন করা হয়। পরে হুমকি দিয়ে রাস্তায় ফেলে রেখে গেলে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যান। পরে তাঁকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ছাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদল এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তার ওপরও হামলার অভিযোগ তোলা হয়। এতে তিনি গুরুতর আহত হন বলে দাবি করা হয়।

বক্তারা বলেন, এসব ঘটনা বিচ্ছিন্ন নয়; বরং ধারাবাহিকভাবে দলীয় ভিন্নমত দমন ও ব্যক্তিগত আধিপত্য প্রতিষ্ঠার অংশ। তারা আরও অভিযোগ করেন, নির্বাচনের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে প্রকাশ্য ও গোপন সমঝোতার মাধ্যমে ত্যাগী নেতাকর্মীদের উপেক্ষা করা হচ্ছে এবং একটি ‘সন্ত্রাসী বাহিনী’ দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করা হচ্ছে।

এ ছাড়া সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা বণ্টন, ত্রাণ তহবিলের অর্থ, কৃষি ভর্তুকি ও চাল বিতরণে অনিয়ম-দুর্নীতির অভিযোগও তোলা হয়। চাঁদাবাজি, অবৈধ অর্থ আদায়, মিথ্যা মামলা ও পুলিশি চাপের মাধ্যমে জমি ও খাসপুকুর দখলের অভিযোগও করেন বক্তারা।

সংবাদ সম্মেলনে বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিষয়টি তদন্তের দাবি জানান। তাঁরা বলেন, অভিযোগগুলো দ্রুত নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে এবং মান্দায় স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, ভারশোঁ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম নবী কাবুলসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, আমার বাসায় কোনো ‘টর্চার সেল’ নেই এবং কাউকে নির্যাতনের প্রশ্নই আসে না। 

তিনি আরও বলেন, ‘সংসদ অধিবেশন চলায় আমি বর্তমানে স্ত্রীসহ ঢাকায় অবস্থান করছি। দলীয় কোনো বিরোধ বা বিশৃঙ্খলা থাকলে তার দায় সংশ্লিষ্ট ব্যক্তিদের। আমার কোনো লোক বা আত্মীয়ের বিরুদ্ধে চাঁদাবাজি বা দখলবাজির প্রমাণ পাওয়া গেলে আমি এমপি পদ ছেড়ে দেব।’