ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার, আটক ৪

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৩:৫৪ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

নড়াইলের লোহাগড়ায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় চার জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ওসি মো. আব্দুর রহমান। এর আগে বুধবার (১৪ জানুয়ারি) মধ্যরাত থেকে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল পর্যন্ত লোহাগড়া উপজেলার দিঘলিয়া ও আগ্রাহাটি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ অভিযুক্তদের আটক করা হয়।

আটককৃতরা হলেন: লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামের মো. কামরুজ্জামান মণ্ডলের ছেলে তোফায়েল মণ্ডল (২৫), লাহুড়িয়া ডহরপাড়া গ্রামের তবিবুর বিশ্বাসের ছেলে মো. রাসেল বিশ্বাস (১৯), সাতক্ষীরা শ্যামনগর উপজেলার বইশখালি গ্রামের মৃত নূর ইসলাম গাজীর ছেলে ইসমাইল হোসেন ওরফে পিন্টু (৫০) এবং একই গ্রামের মৃত তোফাজ্জল গাজীর ছেলে আমিনুর গাজী (৪৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া সেনা ক্যাম্প ও থানা পুলিশের যৌথ দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার দিঘলিয়া এলাকার তোফায়েল মণ্ডলের বাড়িতে রাতে অভিযান চালায়। এ সময় তোফায়েলের দেওয়া তথ্যে বসতঘরের ওয়ারড্রব থেকে একটি চাইনিজ ৭ দশমিক ৬২ মিলিমিটার পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে অভিযুক্ত তোফায়েলকে সঙ্গে নিয়ে উপজেলার আগ্রাহাটি এলাকার ছোটন মোল্যার মাছের ঘের থেকে রাসেল, পিন্টু ও আমিনুর নামের তিন জনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যে ঘেরের বিভিন্ন স্থান থেকে একটি এয়ারগান, ৮০০ পিস গুলি, চাপাতি, দা, রামদাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে যৌথবাহিনী।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মো. আব্দুর রহমান বলেন, ‘জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনী ও পুলিশ দিঘলিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় চার জনকে আটক করা হয়। পরে নিয়মিত মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’