নড়াইল সদর উপজেলায় বিশুদ্ধ পানি সরবরাহকারী একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ২টার দিকে সদর উপজেলার নড়াইল-মাগুরা মহাসড়কের হবখালী ইউনিয়নের কাগজিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানা পুলিশের ওসি মো. ওলি মিয়া।
নিহত ব্যক্তি সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের ফুলেশ্বর গ্রামের মো. তরিকুল শেখের ছেলে মো. রিয়াদ শেখ (২২)। তিনি নড়াইল শহরের তৃষ্ণা ড্রিংকিং ওয়াটার ফ্যাক্টরির পানি সরবরাহের কাজে কর্মরত ছিলেন বলে পরিবার জানিয়েছে।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. রিয়াদ শেখ লোহাগড়া উপজেলার নলদী ও মিঠাপুর এলাকায় পানি সরবরাহ করে নসিমন নিয়ে নড়াইল শহরের দিকে আসছিলেন। পথে হবখালী ইউনিয়নের কাগজিপাড়া এলাকায় পৌঁছালে তিনি নসিমনের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
নড়াইল সদর থানা পুলিশের ওসি মো. ওলি মিয়া জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। খাদে পড়ে রিয়াদ নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন