নড়াইলে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ইরান শেখ (২১) নামে এক ট্রলি চালক নিহত হয়েছেন।
বুধবার (১১ মার্চ) দুপুরের দিকে নড়াগাতী থানা এলাকার কালিয়া-চাপাইল সড়কের মূলখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রলি চালক ইরান শেখ নড়াগাতী থানার জোকা গ্রামের মো. জুয়েল শেখের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন নড়াগাতী থানা পুলিশের ওসি আব্দুর রহিম।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ট্রলি চালক ইরান শেখ বুধবার দুপুরে নড়াগাতী থানা এলাকার জোকা গ্রাম থেকে ট্রলিটি চালিয়ে কালিয়ার দিকে যাচ্ছিলেন। পথে কালিয়া-চাপাইল সড়কের মূলখানা এলাকায় পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে নড়াগাতী থানা পুলিশের একটি দল মরদেহটি উদ্ধার করে হেফাজতে নেয়।
নড়াগাতী থানা পুলিশের ওসি আব্দুর রহিম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’



