নড়াইল সদর উপজেলায় পেট্রোল নেওয়াকে কেন্দ্র করে কুয়েত প্রবাসী মো. আকাশ মোল্যাকে (২২) নৃশংসভাবে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে মাইজপাড়া বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত আকাশ মোল্যাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
আহত আকাশ মোল্যা (২২) নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মো. জিহাদুল মোল্যার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ওসি মো. ওলি মিয়া।
স্থানীয় এক ব্যক্তি জানান, বিকেল সাড়ে ৪টার দিকে মাইজপাড়া ইউনিয়ন পরিষদের সামনে একটি চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে বসে চা খাচ্ছিলেন আকাশ। এ সময় মাইজপাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের ৪০-৫০ জন লোক এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়।
জানা গেছে, ঈদের পরের দিন মাইজপাড়া পেট্রোল পাম্পে তেল নেওয়া নিয়ে হোসেনপুর গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে আকাশের কথাকাটাকাটি হয়।
আহত আকাশ মোল্যার বাবা মো. জিহাদুল মোল্যা বলেন, ‘আমি এখন কথা বলার মতো অবস্থায় নেই। ছেলেকে নিয়ে ঢাকা মেডিকেলে যাচ্ছি। তার অবস্থা ভালো না। শরীরে অসংখ্য ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। শুনেছি তার ফুসফুস ছিদ্র হয়ে গেছে।’
এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি মো. ওলি মিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপরাধীদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
-20260326083502.webp)

