নড়াইলে পেট্রোল পাম্প থেকে তেল না পেয়ে বাগবিতণ্ডার পর পাম্প ম্যানেজার মো. নাহিদ সর্দারকে (৩০) ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা পাম্পের আরেক কর্মী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৮ মার্চ) রাত ২টা ২০ মিনিটের দিকে নড়াইল-যশোর মহাসড়কের তুলারামপুর এলাকায় মেসার্স তানভীর ফিলিং স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।
নিহত নাহিদ সর্দার তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সর্দারের ছেলে এবং তিনি ওই ফিলিং স্টেশনের ম্যানেজার ছিলেন। আহত জিহাদুল ইসলাম একই ইউনিয়নের তুলারামপুর গ্রামের জহুরুল মোল্যার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল থানার ওসি মো. ওলি মিয়া।
পেট্রোল পাম্পের ক্যাশিয়ার মো. জসিমউদ্দীন জানান, ট্রাকচালক মো. সুজাত তেল নিতে এলে পাম্পে তেল না থাকায় তাকে দেওয়া সম্ভব হয়নি। এ নিয়ে তার সঙ্গে ম্যানেজার নাহিদ সর্দারের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে চালক ক্ষিপ্ত হয়ে হুমকি দেয়—‘তোদের পাম্পে তেল আছে, দিচ্ছিস না; তোকে আজ ট্রাকের নিচে চাপা দেব।’
পাম্পের আরেক কর্মচারী মো. সোহান ইসলাম জানান, হুমকি দেওয়ার পরও ওই চালক পাম্পের আশপাশে অবস্থান করছিল। পরে রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে নাহিদ সর্দার তার বন্ধু জিহাদুল ইসলামকে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দিলে ট্রাকটি তাদের পিছু নেয়।
তাদের সন্দেহ হলে পাম্পের কর্মচারীরা পিছন থেকে অনুসরণ করেন। পরে গিয়ে দেখা যায়, ট্রাকচালক নাহিদ সর্দারকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে। এতে ঘটনাস্থলেই নাহিদ সর্দারের মৃত্যু হয় এবং জিহাদুল ইসলাম গুরুতর আহত হন।
পরে আহত জিহাদুল ইসলামকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহতের চাচাতো ভাই মঞ্জুর সর্দার অভিযোগ করেন, ট্রাকচালক সুজাত পরিকল্পিতভাবে হুমকি দিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে থানার ওসি সেকেন্দার আলী জানান, অজ্ঞাতনামা ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে।


