ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ট্রাকচাপায় পাম্প ম্যানেজার হত্যা, ট্রাক জব্দের পর চালক গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৭:২৭ পিএম
আটক ট্রাকচালক সুজাত মোল্যা। ছবি : সংগৃহীত

নড়াইল সদর উপজেলায় তেল না পেয়ে মেসার্স তানভীর পেট্রোল পাম্পের ম্যানেজারের সঙ্গে ট্রাকচালকের বাগবিতণ্ডার পর ম্যানেজার নাহিদ সর্দার (৩০)-কে ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ ওঠে চালকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক সুজাত মোল্যাকে (৫০) যশোরের বাঘারপাড়া উপজেলার মাহমুদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)। 

রোববার (২৯ মার্চ) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বী প্রিন্স। গ্রেপ্তার ট্রাকচালক সুজাত মোল্যা সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের মো. তহিদুর মোল্যার ছেলে।

এর আগে, শনিবার (২৮ মার্চ) মধ্য রাতে যশোর নড়াইল মহাসড়কের তুলারামপুর এলাকায় তানভীর পেট্রোল পাম্পের কাছে ট্রাকচাপায় নিহত হয় তেল পাম্পের ম্যানেজার নাহিদ সর্দার। এ ঘটনায় তার বন্ধু জিহাদুল ইসলামের (২৯) অবস্থা আশঙ্কাজনক, তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় নিহত নাহিদের চাচা ও মের্সাস তানভীর পেট্রোল পাম্পের মালিক মো. রবিউল ইসলাম ট্রাকচালক সুজাত মোল্যাকে অভিযুক্ত করে রোববার দুপুরে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহত নাহিদ সর্দার নড়াইল সদরের তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের মৃত আকরাম সর্দারের ছেলে। তার বন্ধু আহত জিহাদুল ইসলাম একই এলাকার জহুরুল মোল্যার ছেলে।

পাম্পের কর্মচারীরা জানান, গত রাতে সুজাত নামের এক ট্রাকচালক তেল নিতে সদরের নিতে আসেন। এ সময় তেল নেওয়াকে কেন্দ্র করে পাম্পের ম্যানেজারের সাথে ট্রাকচালকের বাগবিতণ্ডা হয়। তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে ট্রাকচালক প্রকাশ্যে ম্যানেজারকে চাপা দিয়ে হত্যার হুমকিও দেয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাগবিতণ্ডার পর ওই ট্রাকচালক পাম্পেই অবস্থান করেন। রাতে পাম্পের কাজ শেষ করে নিজ বাড়ির উদ্দেশে মোটরসাইকেলে বন্ধু জিহাদুলকে নিয়ে পাম্প থেকে বের হন ম্যানেজার নাহিদ। সঙ্গে সঙ্গে দ্রুতগতিতে তাদের পেছনে ধাওয়া করতে দেখা যায় ট্রাকটিকে। পরে ট্রাকের চাপায় নাহিদ ঘটনাস্থলেই মারা যান। তার বন্ধু জিহাদুলকে আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসাপাতালে নিয়ে আসলে সেখান থেকে ঢাকা মেডিকেল পাঠানো হয়। তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে এমন পরিকল্পিত হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন নিহতের সহকর্মী ও এলাকাবাসী।

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় পুলিশের বিভিন্ন ইউনিটসহ বিভিন্ন সংস্থা নিজস্ব প্রক্রিয়ায় হত্যার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ শুরু করে। রোববার দুপুরে ঘাতক ট্রাকটিকে (যশোর-ট-১১-৬০৪০) যশোরের বেনাপোল ট্রাক টার্মিনাল থেকে জব্দ করে নাভারন হাইওয়ে থানা পুলিশ। আর অভিযুক্ত ট্রাকচালক সুজাতকে একই দিন বিকেলে যশোরের বাঘারপাড়া উপজেলার মাহমুদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬ যশোর)।