নড়াইলের লোহাগড়া উপজেলায় পাওনা টাকা চাওয়ায় মো. আলিনুর ফকির (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৮ জুলাই) রাত ১০টার দিকে লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত আলিনুর ফকির কুমারডাঙ্গা গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মো. আলিনুর ফকির রাতে কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একই গ্রামের মো. জাহাঙ্গীর শেখের ছেলে মো. রাজিব শেখের কাছে পাওনা টাকা চান। এ সময় আলিনুরের সঙ্গে মো. রাজিব শেখের বাগ্বিতণ্ডা শুরু হয়। এর একপর্যায়ে রাজিব শেখ তার কাছে থাকা ছুরি দিয়ে আলিনুরের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় অভিযুক্ত রাজিব শেখ পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হবে এবং এ ঘটনার দ্রুত তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন