ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পূর্বাচলে হাত-পা বাঁধা গার্মেন্টস শ্রমিকের মরদেহ উদ্ধার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০১:২১ পিএম
গার্মেন্টস শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে এশিয়ান হাইওয়ে সড়কের পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় আবু রায়হান রিপন (২৫) নামে এক গার্মেন্টস শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি) সকালে পূর্বাচলের পলখান এলাকায় সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত আবু রায়হান রিপন ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন বিরামপুর ভাটিপাড়া এলাকার মনির উদ্দিনের ছেলে। তিনি একটি গার্মেন্টসে চাকরি করতেন।

পূর্বাচল চায়না পুলিশ ক্যাম্পের কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম জানান, মরদেহ উদ্ধারের পর প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। নিহতের দুই পা ভাঙা ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ সড়কের পাশে ফেলে রেখে গেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ কর্মকর্তা।