নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি স্টিল কারখানায় ভয়াবহ দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে আলম হোসেন (৩৫) নামে ওই শ্রমিক গুরুতর দগ্ধ হন। একই ঘটনায় বরকত নামে আরেক শ্রমিক আহত হয়ে বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে তারাব পৌরসভার মৈকুলী এলাকার বিক্রমপুর স্টিল মিলস কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত অবস্থায় আলম হোসেনকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হলে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।
নিহত আলম হোসেন নেত্রকোনার পূর্বধলা উপজেলার মাসকান্দা এলাকার মৃত মিসির উদ্দিনের ছেলে। কর্মস্থলের কাছেই তিনি রূপগঞ্জের মৈকুলী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
নিহতের স্ত্রী তাসলিমা বেগম জানান, নিয়মিত কাজের অংশ হিসেবেই আলম ওই রাতে কারখানায় ছিলেন। হঠাৎ ভাট্টি বিস্ফোরণে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন। পরে হাসপাতালে গিয়ে স্বামীর মৃত্যুর খবর পান তিনি। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তাসলিমা বেগম।
রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন জানান, রাত ২টার দিকে কারখানায় ভাট্টি বিস্ফোরণের ঘটনায় দুই শ্রমিক দগ্ধ হন। তাদের রাতেই জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে আলম হোসেনের মৃত্যু হয়। আহত বরকতের অবস্থা আশঙ্কাজনক। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

