ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে : তারেক রহমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০১:০৫ পিএম
বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি : রূপালী বাংলাদেশ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘একটি গোষ্ঠীর লোকজন মা-বোনদের কাছ থেকে এনআইডি নম্বর, ফোন নম্বর, বিকাশ নম্বর সংগ্রহ করছে। প্রবাসী ভাইয়ের জন্য যে ব্যালেট পেপার, সেটিও তারা দখল করেছে। তাহলে এদের সঙ্গে গত ১৫ বছরের নির্বাচনে যে নিশি রাতের ভোট ডাকাতি হয়েছে, তার পার্থক্য কী? কোনো পার্থক্য নেই, দুজন একই গ্রুপের।’

তিনি আরও বলেন, ‘একজন ষড়যন্ত্র করে আপনাদের ভোট নিতে চায়, আরেকজন ডাকাতি করে ভোট নিয়েছিল। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। মা-বোনদের কাছে যারা বিভ্রান্তি সৃষ্টি করছে, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।’

শুক্রবার (২৩ জানুয়ারি) ভোর সোয়া ৪টার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভোটের দিন ভোটকেন্দ্রের সামনে ফজর নামাজ আদায়ের পর ধানের শীষে ভোট দেওয়ার জন্য তিনি মানুষকে নির্দেশনা দেন। তিনি বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, কৃষক ভাইদের জন্য কৃষক কার্ড দেওয়া হবে; যাতে সার, বীজ, কীটনাশক, ঋণ ও বিমা সুবিধা পেতে পারেন। এ ছাড়া বেকার যুবকদের ট্রেনিং, খাল খননসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ-৪ আসনের জোট প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীসহ অন্যান্য নেতাকর্মী।

এর আগে দলটির চেয়ারম্যান সিলেট থেকে শুরু করে মৌলভীবাজারের শেরপুর, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, কিশোরগঞ্জের ভৈরব ও নরসিংদীতে একাধিক জনসভায় অংশগ্রহণ করেন।