৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬ শেষ পর্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে। মেলার ২১তম দিনে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ছিল ক্রেতা-দর্শনার্থীর উপচে পড়া ভিড়। দিন যত গড়াচ্ছে, মেলার জমজমাট ভাব ততই স্পষ্ট হচ্ছে; সঙ্গে বাড়ছে পণ্য বেচাকেনাও।
শুক্রবার (২৩ জানুয়ারি) সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই মেলা প্রাঙ্গণে মানুষের ঢল নামে। হালকা শীত উপেক্ষা করে পরিবার-পরিজন নিয়ে হাজারো মানুষ মেলায় আসেন। দুপুর গড়ানোর আগেই পুরো এলাকা দর্শনার্থীতে কানায় কানায় ভরে ওঠে। জুমার নামাজের পর মেলা প্রাঙ্গণ রীতিমতো জনসমুদ্রে রূপ নেয়।
সরেজমিন দেখা যায়, মেলার প্রধান ফটক খোলার আগেই স্টল ও প্যাভিলিয়নের কর্মীরা প্রস্তুতি নিয়ে অবস্থান নেন। একই সঙ্গে প্রবেশপথে অপেক্ষায় থাকেন দর্শনার্থীরা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতার সংখ্যাও দ্রুত বাড়তে থাকে। বিক্রেতারা জানান, আজ দর্শনার্থীর তুলনায় প্রকৃত ক্রেতার সংখ্যাই বেশি ছিল। অনেক স্টলে প্রত্যাশার চেয়েও ভালো বিক্রি হয়েছে।

এবারের মেলায় কাশ্মীরি শাল, দেশি-বিদেশি পোশাক, কার্পেট, নান্দনিক ল্যাম্প এবং ঘর সাজানোর বিভিন্ন সামগ্রী ক্রেতাদের বিশেষ আকর্ষণ কেড়েছে। গ্যাস সংকটের কারণে ইলেকট্রনিক চুলা ও রান্নাঘরের আধুনিক যন্ত্রপাতির চাহিদা বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। অ্যালুমিনিয়াম সামগ্রীর স্টলগুলোতে নারীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
ছুটির দিন উপলক্ষে মেলায় কনসার্টের আয়োজন করা হয়েছে। পাশাপাশি ই-টিকিট ও ক্যাশলেস লেনদেন ব্যবস্থা চালু রয়েছে। সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রায় তিনশ স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছেন।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) চেয়ারম্যান হাসান আরিফ জানান, এ বছর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় আর বাড়ানো হবে না। নির্ধারিত সূচি অনুযায়ী ৩১ জানুয়ারিতেই মেলা শেষ হবে।
তবে ব্যবসায়ীদের পক্ষ থেকে মেলার সময় বাড়ানোর দাবি জানানো হয়েছিল। তাদের দাবি ছিল, রাষ্ট্রীয় শোকের কারণে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিন দেরিতে মেলা শুরু হওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সে কারণে ওই তিন দিন মেলার সময় বাড়ানোর অনুরোধ জানানো হয়। তবে ইপিবি কর্তৃপক্ষ সেই দাবি গ্রহণ করেনি।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ‘৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬’। মাসব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে। সাপ্তাহিক ছুটির দিনে মেলা রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন