ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নিরাপত্তার চাদরে মোড়ানো রূপগঞ্জ, ১২৯ কেন্দ্রে কাল ভোটগ্রহণ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৬:৩০ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে প্রশাসন। উপজেলার ১২৯টি ভোটকেন্দ্রে ব্যালট বাক্স ও প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। পুরো এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। ভোটাররা দুটি আলাদা ব্যালটে ভোট দেবেন। সাদা ব্যালটে সংসদ সদস্য নির্বাচন এবং গোলাপি ব্যালটে গণভোট অনুষ্ঠিত হবে।

ভোটের আগের দিন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ শেষে তাদের হাতে নির্বাচনি সরঞ্জাম তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে ব্যালট পেপার ও অন্যান্য সরঞ্জাম সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষণ করা হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে যৌথ বাহিনীর টহল জোরদার রয়েছে। পুলিশ, বিজিবি, আনসার ও সেনাবাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন।

রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন জানান, নির্বাচন শান্তিপূর্ণ রাখতে প্রায় তিন হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত তারা কঠোর নজরদারিতে থাকবেন।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৮২৯ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৭ হাজার ৮৪৯ জন, নারী ২ লাখ ২ হাজার ৯৭৭ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৩ জন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ভোটাররা যেন নিরাপদ ও স্বচ্ছ পরিবেশে ভোট দিতে পারেন, সে জন্য প্রশাসন সর্বোচ্চ প্রস্তুত।

শিল্পাঞ্চল ও রাজধানীর প্রবেশমুখ রূপগঞ্জে এখন উৎসবমুখর পরিবেশের পাশাপাশি সতর্ক অবস্থান। কয়েক লাখ ভোটারের রায়ে নির্ধারিত হবে আগামী দিনের প্রতিনিধিত্ব।