ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাদক কারবারি আমার ভাই হলেও ছাড় নয় : দিপু ভূইয়া

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৪:৩১ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর সঙ্গে রূপগঞ্জ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা মিলনায়তনে এ সভা আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়, সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন কর্মকর্তা নবনির্বাচিত সংসদ সদস্যের কাছে এলাকার সমস্যা ও দাবি তুলে ধরেন।

মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু জানান, জনগণের ভালোবাসা ও সহযোগিতায় তিনি ভোটে নির্বাচিত হয়েছেন। জনগণ তাকে ভোট দিয়েছেন তাদের সেবা এবং এলাকার উন্নয়নের জন্য। উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। পাশাপাশি বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে যারা প্রাণ হারিয়েছেন, তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

উপজেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, কোনো সমস্যা থাকলে সরাসরি তাকে জানাতে। তিনি বলেন, বর্তমানে উপজেলার প্রধান সমস্যা মাদক। মাদক কারবারি যদি আমার ভাইও হয়, তাকে কোনো ছাড় নয়। মাদক নির্মূলে পুলিশকে সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। এ ছাড়া গত ১৭ বছরে দখল হয়ে যাওয়া সরকারি খালগুলো দ্রুত পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

সবশেষে তিনি বলেন, সকলকে সঙ্গে নিয়ে রূপগঞ্জে উন্নয়নমূলক কাজ এগিয়ে নিতে চান এবং এ জন্য সবার সহযোগিতা প্রত্যাশা করেন।