নারায়ণগঞ্জ শহরে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তাকে ছিনতাইয়ের শিকার হতে হয়েছে। এ সময় ছিনতাইকারীরা তার কাছে থাকা সরকারি পিস্তলও লুট করে নিয়ে যায়।
সোমবার (৯ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার।
পুলিশ সূত্রে জানা যায়, লুৎফর রহমান নামে ওই পুলিশ সদস্য অন-ডিউটিতে ছিলেন। দায়িত্ব পালনের সময় তিনি টয়লেট ব্যবহারের জন্য টিম থেকে কিছুটা দূরে সরে যান।
এ সময় তার সঙ্গে ব্যক্তিগত মোটরসাইকেলও ছিল। পথে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে এবং তার কাছে থাকা সরকারি পিস্তলটি লুট করে নেয়। ঘটনার সময় তিনি পুলিশের পোশাকে ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার বলেন, ‘ছিনতাই ও অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।’


