ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রূপগঞ্জে পরিত্যক্ত স্থান থেকে বিপুল মাদক উদ্ধার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০২:৫১ পিএম
উদ্ধারকৃত মাদক। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে প্রায় ৬০ কেজি গাঁজা ও ৪৫০ বোতল নেশাজাতীয় তরল এস্কাফ।

পুলিশ জানায়, রোববার (১৫ মার্চ) ভোররাত আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানার একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ থানার ওসি মো. সবজেল হোসেন এবং 'গ' সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মেহেদী ইসলাম।

মেহেদী ইসলাম জানান, গোপন সূত্রে খবর পাওয়া যায় যে মাদক কারবারিরা বড় একটি চালান নিয়ে রূপগঞ্জ এলাকায় প্রবেশ করছে। খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা বিপুল পরিমাণ মাদক ফেলে পালিয়ে যায়।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে প্রায় ৪৫০ বোতল এস্কাফ ও প্রায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এস্কাফ সিরাপ মূলত ফেনসিডিলের একটি বিকল্প নেশাজাতীয় সিরাপ হিসেবে ব্যবহৃত হয়।

অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব না হলেও এই মাদক কারবারে জড়িত ব্যক্তিদের নাম-পরিচয় ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।