নারায়ণগঞ্জের বন্দরে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে আরাফাত হোসেন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৫ মার্চ) দুপুরে মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্দ প্রেমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত আরাফাত লাঙ্গলবন্দের তাজপুর এলাকার আহসান উল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আরাফাত নদে গোসলে নেমে নোঙর করা বাল্কহেডে উঠে সেখান থেকে লাফ দেয়ার সময় বাল্কহেডে আঘাত লেগে পানিতে তলিয়ে যায়। খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়।
সোনারগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জাহিদ চৌধুরী জানান, দুপুরের দিকে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আরাফাত ডুবে যায়। আশপাশের লোকজন খোঁজাখুঁজি শুরু করে।
পরে অভিযান চালিয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন