ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফতুল্লায় র‌্যাবের অভিযান, গাঁজাসহ আটক ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৯:১৬ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১১।

সোমবার (১৬ মার্চ) দুপুরে ফতুল্লার পিলকুনি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মো. মেহেদী হাসান রবিন ওরফে সুমন (২৯) কুতুবপুর ইউনিয়নের দক্ষিণ শিয়ারচর এলাকার মো. ফাহিমের ছেলে। সুমন বর্তমানে পিলকুনি পাঁচতলা মোড় এলাকার একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।

র‌্যাব জানায়, ফতুল্লার বিভিন্ন এলাকায় মাদকের কেনাবেচা ও সেবন বেড়ে যাওয়ায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এমন অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যম ও গোপন সূত্রের মাধ্যমে র‌্যাবের নজরে আসে। এর প্রেক্ষিতে র‌্যাব-১১ একটি দল পিলকুনি এলাকার জনৈক সাখাওয়াতের বাড়ির তৃতীয় তলায় অভিযান চালায়। অভিযানে সুমনের হেফাজত থেকে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১৭ হাজার ৯২০ টাকা উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার কারণে তারা আতঙ্কে ছিলেন। র‌্যাবের এই ঝটিকা অভিযানে মাদক উদ্ধার ও অভিযুক্তকে আটক করার ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা এই উদ্যোগের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক কারবারিদের আইনের আওতায় আনার জন্য এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।