নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাই জোবায়েরকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। পরে ঘটনাটি আত্মহত্যা বলে চালানোর জন্য মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের খামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জোবায়ের ওই এলাকার রুবেল মিয়ার ছেলে।
চনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মফিজুল ইসলাম জানান, খামারপাড়া এলাকায় একটি ঘরের ভেতর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক সেবনের অভিযোগে দুই মাস আগে জোবায়েরকে তার বাবা রুবেল মিয়া পুলিশের হাতে তুলে দেন। পরে এক মাস আগে তার স্ত্রী তাকে জামিনে ছাড়িয়ে আনেন। এরপর তিনি আবার মাদকে জড়িয়ে পড়েন এবং পারিবারিক কলহ বাড়তে থাকে। একপর্যায়ে তিনি স্ত্রীকে মারধর করে বাবার বাড়ি পাঠিয়ে দেন বলেও অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার আদালতে হাজিরা দেওয়ার জন্য বড় ভাই আরিফের কাছে টাকা চাইলে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আরিফ শ্বাসরোধ করে জোবায়েরকে হত্যা করেন বলে স্থানীয়দের ধারণা।
মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন