ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৩০০ ফিটে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৮:৩০ পিএম
মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ। ছবি : রূপালী বাংলাদেশ

রূপগঞ্জের পূর্বাচলের ৩০০ ফিট সড়কে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে রিফাত ও সাব্বির নামে দুই কলেজছাত্র নিহত হয়েছে। 

রোববার (২৬ এপ্রিল) দুপুরে পূর্বাচলের ৩০০ ফিট সড়কের জলসিঁড়ি চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিফাত ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানাধীন শেকেরকান্দী গ্রামের নুর ইসলামের ছেলে এবং সাব্বির একই গ্রামের আমির হোসেনের ছেলে। তারা দুজনই স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের কর্মকর্তা সোহেল রানা জানান, রোববার দুপুরে পূর্বাচলের ৩০০ ফিট সড়কের জলসিঁড়ি চত্বর এলাকায় ঢাকাগামী বেপরোয়া গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু রিফাত ও সাব্বির সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এ সময় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠায়। তাদের অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে রিফাত এবং সোয়া ৬টার দিকে সাব্বির মারা যায়।

মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এদিকে ঘটনাস্থল থেকে প্রাইভেটকার জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।