ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নারায়ণগঞ্জে হেরোইনসহ ৩ কারবারি গ্রেপ্তার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০২:১৩ পিএম
হেরোইনসহ আটকৃতরা। ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫০ পুরিয়া হেরোইনসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী কামালেরটেক এলাকা থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- মনির হোসেনের ছেলে শাকিব হোসেন (২৬), মো. আমির হোসেনের ছেলে ফাহিম (২২) ও মৃত শফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ ইসলাম (২২)। তারা সবাই উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার ওসি নির্দেশনায় এসআই সেলিম মিয়ার নেতৃত্বে পুলিশের দল নানাখী কামালেরটেক এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালীন আমান উল্লাহ স্টোরের সামনে পাকা রাস্তায় অবস্থানরত ওই তিন যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের আটক করে। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে ১৫০ পুরিয়া অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়।

ওসি মহিবুল্লাহ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাদেরকে আদালতে প্রেরণ করা হবে। তিনি আরও জোর দিয়ে বলেন, সোনারগাঁকে মাদকমুক্ত করতে আমাদের এই ধরনের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।