পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পাঁচ আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার দুই উপ-পরিদর্শক (এসআই) ও চার কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার (৮ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী। তিনি বলেন, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান চলমান রয়েছে এবং কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।
প্রত্যাহার হওয়া পুলিশ কর্মকর্তারা হলেন—ফতুল্লা মডেল থানার এসআই আবুল বাশার ও এএসআই আশিক। এছাড়া চার কনস্টেবলকেও প্রত্যাহার করা হয়েছে। তবে তাদের নাম তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৬ মে) দুপুরে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকার হাশেমবাগে অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল মো. সোলায়মানের বাড়িতে একদল দুর্বৃত্ত লুটপাট চালায়। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার একটি টিম ঘটনাস্থলে গিয়ে অভিযানে অংশ নেয়।
অভিযানে লুটপাটের সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করে হাতকড়া পরানো হয়। এ সময় লুট হওয়া কিছু আসবাবপত্রও উদ্ধার করা হয়।
তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আগেই ৩০ থেকে ৩৫ জনের একটি সংঘবদ্ধ দল পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা আটক পাঁচ আসামিকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। পুলিশের ওপর হামলা এবং আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।


