নারায়ণগঞ্জকে আরও সবুজায়নের লক্ষ্যে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে শহরের চাষাঢ়া এলাকায় শহীদ জিয়া হল প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এবং সহকারী বন সংরক্ষক জান্নাতুল ফেরদৌস।
সভায় বক্তারা বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে নারায়ণগঞ্জকে আরও সবুজ ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন। তারা বলেন, গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে এবং বায়ুমণ্ডলে নির্গত কার্বন ডাই-অক্সাইড শোষণ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ছাড়া স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ির আঙিনায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান অতিথিরা।
নারায়ণগঞ্জ জেলা নার্সারি মালিক সমিতির সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ মেলায় ২৪টি স্টলে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের প্রদর্শনী ও বিক্রয় চলছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি খাজা হেছামউদ্দিন চিশতী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম (নান্টু স্যার), রূপসী বাংলা নার্সারির মালিক ইমতিয়াজ ওমর সুমন, নির্বাহী সদস্য নুরুল ইসলাম, অর্থ সম্পাদক শাহাদাৎ ভাণ্ডারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন