জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনার ৭৫ দিন পার হলেও অভিযুক্তকে শনাক্ত বা গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেছে ‘নারী নিরাপত্তা মঞ্চ’। একই সঙ্গে ছয় দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আনিকা তাবাসসুম ফারাবীর সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি বলেন, ঘটনার পর প্রায় আড়াই মাস পেরিয়ে গেলেও দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো হামলাকারীকে শনাক্ত করতে পারেনি। এ সময়ের মধ্যে ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের সঙ্গে আরও একাধিক হয়রানি ও নিপীড়নের ঘটনা ঘটেছে, যা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
প্রত্নতত্ত্ব বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী সুমা ডুমরী বলেন, এ ঘটনার পর নারী নিরাপত্তা মঞ্চ প্রশাসনের কাছে ছয় দফা দাবি উত্থাপন করলেও এখন পর্যন্ত একটি দাবিও বাস্তবায়ন হয়নি। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার দাবি করেছে যে, এসব দাবির বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হয়েছে।
অর্থনীতি বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী নাযিহা বিনতে শামসুদ্দিন বলেন, নারী নিরাপত্তা সংকট এই বিশ্ববিদ্যালয়ে একটি কাঠামোগত সংকট। ৫ আগস্টের পর বিগত সব নিপীড়ন, ধর্ষণ ও হত্যাচেষ্টা, এমনকি হত্যার ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই সমস্যা সমাধানে প্রশাসন 'ফাইভ প্রবলেম, ওয়ান সল্যুশন' পন্থায় পুরো ক্যাম্পাসে অপরিকল্পিতভাবে কিছু কাঁটাতারের বেড়া লাগানো ছাড়া কিছুই করছে না। রাচি হত্যার পর ক্যাম্পাসে ২৫০ সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ একইরকম অনেক পরিবর্তন করা হয়েছিল কিন্তু এতে অপরাধ কমেনি বরং বেড়েছে।
নারী নিরাপত্তা মঞ্চের ৬ দফা দাবি পূর্ববর্তী সব ধর্ষণ ঘটনার বিচার নিশ্চিত করা এবং টেকসই কাঠামোগত সংস্কার করা যেন এই চলমান নিপীড়ন সংস্কৃতির অবসান হয়। সেক্ষেত্রে নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক ব্যক্তিবর্গের সুষ্ঠু স্বচ্ছ জবাবদিহিতার কোনো বিকল্প নেই। স্পষ্টতই এ বিষয়ে প্রশাসনের সদিচ্ছার অভাব আছে বলেও মন্তব্য করেন তিনি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন