নারায়ণগঞ্জের রূপগঞ্জে কোমল পানীয়তে চেতনানাশক দ্রব্য মিশিয়ে এক অটোরিকশা চালককে অচেতন করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইকালে দুই নারীকে আটক করেছে পুলিশ। এ সময় স্থানীয় জনতার সহযোগিতায় ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আড়াইহাজার পৌরসভার চামুরকান্দি এলাকার বাসিন্দা আওলাদ হোসেনের মালিকানাধীন একটি ব্যাটারিচালিত অটোরিকশা প্রায় দুই মাস ধরে একই এলাকার অটোচালক উজ্জলের কাছে ভাড়ায় পরিচালিত হচ্ছিল।
সোমবার সন্ধ্যায় ভুলতা বাসস্ট্যান্ড থেকে জান্নাত ও নুপুর আক্তারসহ চারজন যাত্রী ৩০০ ফিট এলাকায় যাওয়ার কথা বলে অটোরিকশাটি ভাড়া নেন। পরে তারা চালককে উপজেলার চনপাড়া পুনর্বাসন এলাকায় যাওয়ার জন্য বলেন।
পথিমধ্যে প্রচণ্ড গরমের অজুহাতে অটোরিকশা থামিয়ে তারা কোমল পানীয় (মজো) কিনে চালক উজ্জলকে পান করতে দেন। সরল বিশ্বাসে পানীয়টি পান করার কিছুক্ষণ পর তিনি অচেতন হয়ে পড়েন। এরপর অভিযুক্তরা অচেতন চালকসহ অটোরিকশাটি নিয়ে পশ্চিমগাঁও বাজারের উত্তর পাশের মোড় এলাকায় পৌঁছালে চালককে রাস্তায় ফেলে দিয়ে অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে দুই নারীকে আটক করে। তবে তাদের সঙ্গে থাকা আরও দুই অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়। পরে স্থানীয়রা অচেতন চালককে প্রাথমিকভাবে সুস্থ করে তার মোবাইল ফোন থেকে অটোরিকশার মালিককে খবর দেন।
খবর পেয়ে মালিক ঘটনাস্থলে এসে রূপগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুই নারীকে হেফাজতে নেয় এবং প্রায় ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের ব্যাটারিচালিত অটোরিকশাটি উদ্ধার করে জব্দ করে।
এ ঘটনায় অটোরিকশার মালিক আওলাদ হোসেন বাদী হয়ে জান্নাত ও নুপুর আক্তারসহ অজ্ঞাত আরও দুজনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ জানিয়েছে, আটক দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি পলাতক দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন