অস্ট্রেলিয়ার সিডনির বাংলাদেশি-অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত লেকাম্বায় পথচারী পারাপারের নির্ধারিত স্থানে সংঘটিত এক সড়ক দুর্ঘটনায় একজন নারীসহ দুই ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) পুলিশের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার দুপুর প্রায় ১টার দিকে লেকাম্বার দ্য বুলেভার্ড সড়ক থেকে জরুরি সহায়তার জন্য কল আসে। খবর পেয়ে পুলিশ, অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনীর একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও তদন্ত কার্যক্রম শুরু করে।
প্রাথমিক তদন্তে দেখা গেছে, একটি সাদা রঙের টয়োটা টারাগো পথচারী পারাপারের স্থানে দুই পথচারীকে ধাক্কা দেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে একটি অডি গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাটির কিছু অংশ আশপাশের নিরাপত্তা ক্যামেরায় ধারণ হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
আহতদের মধ্যে প্রায় ৩০ বছর বয়সী এক নারীকে লিভারপুল হাসপাতালে এবং প্রায় ৬০ বছর বয়সী এক পুরুষকে সেন্ট জর্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের দু’জনের অবস্থাই সংকটাপন্ন।
এদিকে দুর্ঘটনায় জড়িত ৮২ বছর বয়সী চালককেও চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী তার বাধ্যতামূলক পরীক্ষা সম্পন্ন করা হচ্ছে। তবে তদন্ত চলমান থাকায় এ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
ঘটনার পর ক্যাম্পসি পুলিশ এরিয়া কমান্ড ঘটনাস্থলকে অপরাধস্থল হিসেবে ঘোষণা করে। তদন্তকারীরা দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে সড়কের আলামত সংগ্রহ, নিরাপত্তা ক্যামেরার ফুটেজ পর্যালোচনা এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য গ্রহণ করছেন। পাশাপাশি সংশ্লিষ্ট যানবাহনের প্রযুক্তিগত অবস্থা ও সংঘর্ষের পূর্ববর্তী পরিস্থিতিও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ প্রত্যক্ষদর্শী এবং যাদের ড্যাশক্যাম বা অন্য কোনো ভিডিও রেকর্ডিং ডিভাইসে ঘটনাটির ফুটেজ ধারণ হয়ে থাকতে পারে, তাদের তদন্তে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।
এদিকে আহতদের পরিচয় ও জাতীয়তা নিয়ে বিভিন্ন মাধ্যমে তারা বাংলাদেশি বলে দাবি করা হলেও, নিউ সাউথ ওয়েলস পুলিশ বা তদন্ত-সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ এখন পর্যন্ত তাদের নাম, জাতীয়তা কিংবা পারিবারিক পরিচয় প্রকাশ করেনি। ফলে আহতদের পরিচয় নিশ্চিতভাবে জানা যায়নি।
নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, তদন্তের সব তথ্য-উপাত্ত বিশ্লেষণ শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং এ ঘটনায় কারও দায় রয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন