ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে আনুষ্ঠানিক দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন হাফিজ উদ্দিন আহমদ।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে জাতীয় সংসদের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনে পৌঁছে তিনি রাষ্ট্রপতির কার্যালয়ের নিয়মিত প্রশাসনিক কাজকর্মে অংশ নেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে এটি ছিল তার প্রথম আনুষ্ঠানিক কর্মদিবস। এর মধ্য দিয়েই বঙ্গভবনে তার দাপ্তরিক দায়িত্ব পালনের আনুষ্ঠানিক সূচনা হলো।
গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধানের বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব নেওয়ার পর রোববার সকালে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর প্রধানসহ সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরপর রাজধানীতে ফিরে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন