বাংলাদেশ থেকে পুনরায় কর্মী নিয়োগের বিষয়ে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় মানবসম্পদ মন্ত্রণালয়ে দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম. রামানান, বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিন উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ পুনরায় চালুর বিষয়টি নিয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যৌথ ওয়ার্কিং কমিটি (জেডব্লিউসি) বৈঠকে আলোচনা সাপেক্ষে নেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী দুই দিনের মধ্যেই বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম. রামানান বলেন, বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে কত সময়ের মধ্যে কর্মীরা মালয়েশিয়ায় আসতে পারবেন, কীভাবে দ্রুত প্রক্রিয়াটি সম্পন্ন করা যাবে এবং কোন কোন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করা হবে—এসব বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা আশা করছি, আগামী দুই দিনের মধ্যেই একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারব। এরপর পরিস্থিতি অনুযায়ী যৌথভাবে অথবা পৃথকভাবে সেই সিদ্ধান্ত ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, আমার ভুল না হলে বিদ্যমান সমঝোতা স্মারক (এমওইউ) চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। তবে আমরা শুধু এমওইউর মেয়াদকাল নিয়ে চিন্তিত নই। আমাদের মূল লক্ষ্য হচ্ছে শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। এ বিষয়ে উভয় দেশই গুরুত্বের সঙ্গে কাজ করছে।
মন্ত্রী জানান, মালয়েশিয়ায় বিশেষ করে রেস্তোরাঁ খাতে কর্মীদের ব্যাপক চাহিদা রয়েছে। তাই শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করা এবং প্রয়োজনীয় খাতগুলো চালু করা জরুরি। তিনি বলেন, অন্যান্য কারিগরি ও প্রশাসনিক বিষয়গুলো দ্রুত সমাধান করা হবে। তবে এই মুহূর্তে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও তা বাস্তবায়ন নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন