নরসিংদীতে অতিরিক্ত পুলিশ সুপারের নাম ভাঙিয়ে আসামির পরিবারের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ডিবি পুলিশের কথিত এক সোর্সসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৮টার দিকে নরসিংদী পৌর শহরের পায়রা চত্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে সোমবার দিবাগত রাতে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নরসিংদী পৌর শহরের চিনিশপুর (নন্দীপাড়া) এলাকার সফিক মিয়ার ছেলে মো. সোহান (২৫), একই এলাকার শাহজাহান ফকিরের ছেলে শামীম ফকির (৩৫) এবং কাঞ্চন মিয়ার ছেলে শুভ (২৭)।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ মার্চ চিনিশপুর এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার শামীমের নেতৃত্বে ও ডিবির অংশগ্রহণে পরিচালিত এক অভিযানে ডাকাতির প্রস্তুতি মামলার আসামি মনিরুজ্জামানকে (৩৬) একটি রামদাসহ গ্রেপ্তার করা হয়।
পরদিন বিকেলে ডিবির কথিত সোর্স সোহান তার দুই সহযোগীকে নিয়ে আসামির পরিবারের কাছে গিয়ে দাবি করেন, ১০ হাজার টাকা দিলে তা অতিরিক্ত পুলিশ সুপারকে দিয়ে আসামিকে আদালতে সোপর্দ না করে ছেড়ে দেওয়া হবে। সরল বিশ্বাসে আসামির পরিবার তাঁদের হাতে ওই টাকা তুলে দেয়।
কিন্তু পরে আসামিকে আদালতে পাঠিয়ে কারাগারে পাঠানো হলে পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। খোঁজ নিয়ে তারা জানতে পারেন, সোহান, শামীম ও শুভ অতিরিক্ত পুলিশ সুপারের নাম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে টাকা নিয়েছেন এবং তাদের সঙ্গে ওই কর্মকর্তার কোনো সম্পর্ক নেই।
পরে ভুক্তভোগী পরিবার বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপারকে জানালে তার পরামর্শে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। মঙ্গলবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

