ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঘোড়াশালে অস্ত্রের মুখে পল্লীবিদ্যুৎ উপকেন্দ্রের তার-যন্ত্রাংশ লুট

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০২:১০ পিএম
পল্লীবিদ্যুৎ উপকেন্দ্রের তার-যন্ত্রাংশ লুট। ছবি : রূপালী বাংলাদেশ

নরসিংদীর ঘোড়াশালে বিদ্যুৎ উপকেন্দ্রের নিরাপত্তা প্রহরী ও লাইনম্যানকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৪ লাখ টাকা মূল্যমানের তামার তার, ডিসকানেক্ট সুইসের ব্লেড, কন্ট্রোল প্যানেল ক্যাবল ও রাইজারের তার লুট করে নিয়েছে একটি চক্র।

রোববার (২৬ এপ্রিল) ভোর সাড়ে ৪টায় পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধিনে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালের অধিনস্থ ভাগদী ৩৩/১১ কেভি লাইনের ২০ কেভি বিদ্যুৎ উপ-কেন্দ্রে এই ঘটনা ঘটে। চলতি লাইন থেকে এসব তার কেটে নেওয়ার ফলে পলাশ উপজেলার ভাগদী, রাজাবোসহ ৫টি গ্রামের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

নরসিংদী পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর ঘোড়াশাল জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. মনোয়ার হোসেন সুমন জানান, রোববার ভোরে ভাগদী সাব-স্টেশনে কর্মরত লাইনম্যান আব্দুল ওয়াজেদ ও নিরাপত্তা প্রহরী ইয়াসিনকে তিনটি মোটরসাইকেল যোগে আসা ৫/৬ দুর্বৃত্ত দেশিয় অস্ত্রের মুখে জিম্মি করে। 

এ সময় চলতি লাইন থেকে তামার তার, ডিসকানেক্ট সুইস এর ব্লেড, কন্ট্রোল প্যানেল ক্যাবল ও রাইজারের তার কেটে নিয়ে যায়। এতে পলাশ উপজেলার কয়েকটি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে তারা পল্লীবিদ্যুৎ অফিসের কর্মকর্তা ও পুলিশে খবর দেয়। 

পলাশ থানার ওসি শাহেদ আল-মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। এই বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দ্রতই অবপরাধীদের ধরার প্রচেষ্টাও অব্যহত আছে।