নরসিংদীর পলাশ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ইমনের বাড়ির খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় আরও তিনটি বাড়ির খড়ের গাদায় আগুন দেওয়া হয়।
রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের দড়িচরপাড়া গ্রামে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও শহীদ ইমনের পরিবারের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার রাতে দুর্বৃত্তরা প্রথমে হিরম মিয়ার বাড়ির খড়ের গাদায় আগুন দেয়। পরে শহীদ ইমন ও মনা মুন্সির বাড়ির খড়ের গাদায়ও আগুন দেয়। এ সময় মসজিদের মাইকে আগুনের খবর ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী একত্র হয়ে এ আগুন নিয়ন্ত্রণে আনেন। পরপর তিনটি স্থানে আগুনের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পলাশ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
পলাশ থানার ওসি শাহেদ আল মামুন বলেন, ঘটনাটি জানার পর আমি নিজে ঘটনাস্থলে যাই। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে এবং ইমনের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।


