জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আজকের রেল ব্যবস্থা ধ্বংসপ্রায় অবস্থায় রয়েছে। এই রেল ব্যবস্থাকে আধুনিক করে নতুন প্রজন্মের জন্য গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনারা জানেন, আমরা যখন পৃথিবীর বিভিন্ন দেশে যাই, তখন ট্রেনে চলাচল করি। তারেক রহমান নিজেও ১৮-২০ বছর ট্রেনে চলাচল করেছেন।
বুধবার (১৮ মার্চ) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর স্টেশন বাজারে গণসংবর্ধনা ও আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন স্টপেজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আগামী দিনে রেল ছাড়া কোনো বিকল্প নেই। বাস ও ট্রাকের দুর্ঘটনায় প্রতিদিন মানুষ মারা যায়। আমাদের জনশক্তির নিরাপদ চলাচলের জন্য রেল ব্যবস্থার আধুনিকায়ন জরুরি, যাতে বাংলাদেশের মানুষ সরাসরি ট্রেনে চলাচল করতে পারে। তিনি জানান, তারেক রহমান তার ৩১ দফা কর্মসূচির মধ্যে রেল খাতের উন্নয়ন অন্তর্ভুক্ত করেছেন এবং বাংলাদেশের সঙ্গে বিশ্বের যোগাযোগ স্থাপনের জন্য উন্নত রেল ব্যবস্থা চালু করবেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার ফরিদ উদ্দিন আহম্মেদ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুবদলের সভাপতি এ এইচ তালুকদার ডালিম, মাধনগর রেল স্টেশন উন্নয়ন কমিটির সভাপতি মাতিনূর রহমান মৃধাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন