নাটোরের বড়াইগ্রামে বাসচাপায় আব্দুল আজিজ (৬২) নামে বিএনপি নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে বনপাড়া-ঢাকা মহাসড়কের রাজ্জাক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল আজিজ পাবনার ভাঙ্গুড়া উপজেলার ঝিনাইগাড়ি কলকটি গ্রামের রুস্তুম আলী মণ্ডলের ছেলে। তিনি ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি ওই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে আব্দুল আজিজ ব্যক্তিগত কাজ সেরে বড়াইগ্রামের বনপাড়া থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে রাজ্জাক মোড়ে পৌঁছালে ঢাকাগামী মোহাম্মদ নামের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে সে মোটরসাইকেল থেকে ছিঁটকে পড়ে গুরুতর আহত হয়।
অপরদিকে বাসের নিচে আটকে থাকা মোটরসাইকেলটিকে টেনেহিঁচড়ে নিয়ে চালক প্রায় ১ কিলোমিটার পর্যন্ত বাসটি চালিয়ে নিয়ে যান।
স্থানীয়রা আব্দুল আজিজকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বনপাড়া হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পলাতক রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে।


