নাটোরে পেট্রোল পাম্পে তেল নেওয়ার সিরিয়ালকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৮ এপ্রিল) সকাল ৯টার দিকে শহরের স্টেশন বাজার এলাকায় ফ্রেন্ডস পেট্রোলিয়াম এজেন্সির পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, তেল নেওয়ার জন্য বাইকাররা লাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় সিরিয়াল নিয়ে স্থানীয় বাসিন্দা জহুরুল ইসলামের সঙ্গে এক বাইক চালকের কথা কাটাকাটি হয়। এ সময় একই এলাকার মোজাম্মেল বাবু তাদের থামাতে গেলে তার সঙ্গে জহুরুলের প্রথমে কথা কাটাকাটি পরে লাঠিসোটা নিয়ে মারামারি শুরু হয়। এ সময় দুজনই বাটামের আঘাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জহুরুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে আহত অবস্থায় মোজাম্মেল বাবুকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
সদর থানার ওসি মুনসুর রহমান জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এ ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বাবুকে আটক করা হয়েছে।

