আগামীকাল দেশজুড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে ত্রিমুখী লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ আবু তাহের তালুকদার, ১১ দলীয় জোটের বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মাছুম মোস্তফা এবং বাংলাদেশ ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি নূরুল ইসলাম হাকিমী।
প্রত্যেকেই দিনের শুরুতেই নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করবেন বলে জানিয়েছেন। তারা আরও জানান, নির্বাচনি পরিবেশ সুন্দর রয়েছে এবং সাধারণ ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বিএনপির প্রার্থী আলহাজ আবু তাহের তালুকদার ভোট দেবেন উপজেলার ঘাগড়া ইউনিয়নের লেটিরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
জামায়াতের প্রার্থী সহকারী অধ্যাপক মাছুম মোস্তফা ভোট দেবেন উপজেলার নারান্দিয়া ইউনিয়নের হিরনপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।
ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি নূরুল ইসলাম হাকিমী ভোট দেবেন জারিয়া ইউনিয়নের খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
উল্লেখ্য, পূর্বধলায় এ বছর মোট ২ লাখ ৯০ হাজার ১১৭ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৭ হাজার ৮৯৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৪২ হাজার ২১৯ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ বছর ১১টি ইউনিয়নে ৮২টি কেন্দ্রে ৫২৮টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের দায়িত্বে থাকবেন ৮২ জন প্রিজাইডিং অফিসার, ৫২৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১ হাজার ৫৬ জন পোলিং অফিসার।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন