ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নেত্রকোনায় ইউপি চেয়ারম্যানের খামার থেকে ৬ গরু চুরি

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৬:১৪ পিএম
ছবি- সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নে ইউপি চেয়ারম্যানের খামার থেকে এক রাতে ছয়টি গরু চুরির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে গোজাখালীকান্দা গ্রামের বালুঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

সোমবার ভোরে পাহারাদার খামারের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে খামারে গিয়ে দেখা যায়, ছয়টি গরুর একটিও নেই। চুরি যাওয়া গরুর মধ্যে চারটি বকনা গাভী ও দুটি ষাঁড় ছিল। এসব গরুর আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছেন চেয়ারম্যান।

ভুক্তভোগী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মন্ডল (নান্টু) জানান, ‘ফিশারির পাশের খামারে প্রতিদিনের মতো রোববার রাতেও গরুগুলো বেঁধে রাখা ছিল।’

তিনি বলেন, ‘আমি নিজেই ইউনিয়নের নিরাপত্তার দায়িত্বে আছি। একসঙ্গে এতগুলো গরু চুরি হওয়ায় আমরা হতবাক। এর আগেও প্রায় তিন বছর আগে আমার খামার থেকে চারটি গরু চুরি হয়েছিল।’

এ বিষয়ে পূর্বধলা থানার ওসি মো. দিদারুল ইসলাম জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রযুক্তির সহায়তায় গরু উদ্ধারের চেষ্টা চলছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।’

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্ত ও চোরদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।