ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নেত্রকোনায় বজ্রপাতে একই উপজেলায় ৩ জনের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৫:০৪ পিএম
প্রতীকী ছবি

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় বজ্রপাতে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে ও দুপুরে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে এসব ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে খালিয়াজুরীর জগন্নাথপুর এলাকার ফেরিঘাটে ধনু নদীর তীরে বড়শি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে মারা যান আব্দুল মোতালিব (৫৫)। তিনি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বাগবেড় গ্রামের বাসিন্দা।

এদিকে দুপুরে উপজেলার সাতগাঁ গ্রামে বাড়ির সামনে হাওরে ধান শুকানোর সময় বজ্রপাতে নিহত হন কৃষক মোনায়েম খাঁ। একই সময় কৃষ্ণপুর গ্রামের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে প্রাণ হারান সিরাজগঞ্জ থেকে আসা শ্রমিক শুভ মণ্ডল।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম। তিনি জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।