নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় কেমিক্যাল ও একটি মিনি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) জানায়, গত ৩ জুলাই রাত আনুমানিক ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে খারনই বিওপির ৬ সদস্যের একটি বিশেষ টহল দল অভিযান চালায়। সীমান্ত পিলার ১১৭৬/৫-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের ভেতরে কলমাকান্দা উপজেলার খারনই ইউনিয়নের সরুজের মোড় এলাকায় ভারত থেকে আসা একটি মিনি ট্রাককে চ্যালেঞ্জ করা হয়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে ট্রাকটি তল্লাশি করে ভারতীয় কেমিক্যাল উদ্ধার করা হয়।
অভিযানে মোট ৫০ লাখ টাকা মূল্যের চোরাচালানের মালামাল জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৬ ড্রাম ভারতীয় হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড ইউএসপি কেমিক্যাল, যার আনুমানিক সিজার মূল্য ৩২ লাখ টাকা। এ ছাড়া চোরাচালানে ব্যবহৃত একটি মিনি ট্রাকও আটক করেছে বিজিবি, যার বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা।
নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী, পিএসসি জানান, জব্দকৃত কেমিক্যাল ও ট্রাকটি নেত্রকোরা কাস্টম অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড একটি নিয়ন্ত্রিত রাসায়নিক যা মূলত ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন