চুয়াডাঙ্গার জীবননগরে আলমসাধুর ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে জীবননগর উপজেলার সন্তোষপুর সড়কের দেহাটি শাহা ইটভাটা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক রিপন হোসেন (৫০) জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামের ব্রিজ পাড়ার মহিউদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকালে রিপন হোসেন নিজ বাড়ি থেকে ভ্যানযোগে আন্দুলবাড়িয়ার দিকে যাচ্ছিলেন। তিনি দেহাটি শাহা ইটভাটার সামনে পৌঁছুলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি আসমসাধু ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক রিপন হোসেন রাস্তার ওপর ছিটকে পড়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তিনি মারা যায়।
এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত ওসি মো. সোলায়মান শেখ জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। সুরতহাল রিপোর্ট শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন