চব্বিশের গণ-অভ্যুত্থানের পর দেশে এক নতুন বিএনপিকে দেখা যাচ্ছে, যারা বিপ্লবের সুবিধাভোগী হয়েও উল্টো সেই বিপ্লবের পিঠেই ছুরিকাঘাত করতে উদ্যত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। একইসঙ্গে তিনি অভিযোগ করেছেন, বিএনপি জুলাই সনদকে তামাশায় পরিণত করার চেষ্টা করছে।
শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা মহানগর ও পূর্ব জেলা শাখা যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।
নেতাকর্মীদের উদ্দেশে মাওলানা মামুনুল হক বলেন, ‘প্রতিটি বৈষম্যবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী ধারার সঙ্গে নোট অব ডিসেন্ট বা ভিন্নমত দিয়ে বিএনপি জুলাই সনদকে তামাশায় পরিণত করার চেষ্টা করেছে। দীর্ঘ নয় মাস পর যে সনদ চূড়ান্ত হলো, সেখানে বিএনপির আপত্তির কারণে তাদের সমস্ত গুরুত্বপূর্ণ এজেন্ডাগুলো নোট অব ডিসেন্টে চলে গেল, মূল সনদে স্থান পেল না। দেশের সব দলের ঐকমত্য থাকলেও কেবল একটি দলেরই সব ধারা-উপধারার সঙ্গে দ্বিমত রয়েছে।’
তিনি আরও বলেন, ‘তারা চেয়েছিল ২০০৬ সালের মতো পরিস্থিতি তৈরি করতে, যেন বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে কথা বলার আর কোনো মুখ না থাকে। আমরা যখনই এসব সত্য জাতির সামনে তুলে ধরছি, তখন বর্তমান সরকার আমাদের পেছনে আমাদেরই ভাইদের লেলিয়ে দিচ্ছে। জনগণের পক্ষে আমাদের এই জোরালো অবস্থানকে দুর্বল করার পাঁয়তারা চলছে। আপনাদের এই ষড়যন্ত্র সফল হবে না, জনগণ তা ব্যর্থ করে দেবে।’
কুমিল্লা পূর্ব জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা অলিউল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা আমানুল্লাহ মুন্সী, সহ-সভাপতি মাওলানা আবুল বাশার, খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মো. সাইফুল ইসলাম, দেবিদ্বার উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মো. মোফাজ্জল হোসেন, এনসিপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট তরিকুল ইসলাম এবং এনসিপির কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ নাবিদ নওরুজ শাহ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন