গণঅধিকার পরিষদের বনানী থানা কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৮টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কার্যালয়ের উদ্বোধন করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আবু হানিফ বলেন, গণঅধিকার পরিষদ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বনানী থানা ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরাও রাজপথের আন্দোলনে সক্রিয় ছিলেন। বর্তমানে আন্দোলনের পরিস্থিতি না থাকায় সরকারের অংশ হিসেবে জনগণের কাছে সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ফ্যাসিবাদের সময়ে বিভিন্ন আন্দোলন, সংগ্রাম ও রাজনৈতিক সংকটে বিএনপির পাশে গণঅধিকার পরিষদসহ জোটভুক্ত দলগুলো ছিল। তাদের অবদান অস্বীকার করার সুযোগ নেই। বিএনপি তখন জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল এবং জোটসঙ্গীদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার কথা বলেছিল। তবে বাস্তবে কাউকে পূর্ণমন্ত্রী করা হয়নি বলে মন্তব্য করেন তিনি।
আবু হানিফ আশা প্রকাশ করে বলেন, বিএনপি তাদের পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ জোটসঙ্গী দলের আরও কয়েকজন যোগ্য নেতাকে মন্ত্রী করবে। পাশাপাশি সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বেও জোটের অভিজ্ঞ ও যোগ্য নেতাদের সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।
তার ভাষায়, বিএনপি মিত্রদের সরকারের বিভিন্ন কাজে লাগাতে পারে। এতে বিএনপি সরকারের জন্যই ভালো হবে।
তিনি আরও বলেন, প্রয়োজনের সময় জোটসঙ্গীদের ব্যবহার করে পরে উপেক্ষা করলে সেই জোট দীর্ঘস্থায়ী হয় না। বিএনপি যদি দীর্ঘমেয়াদে শক্তিশালী রাজনৈতিক অবস্থান বজায় রাখতে চায়, তাহলে জোটসঙ্গীদের সম্মান, যথাযথ মূল্যায়ন এবং সিদ্ধান্ত গ্রহণে কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অন্যথায় ভবিষ্যতে দলটি মিত্র সংকটে পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণঅধিকার পরিষদ মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ। এ সময় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রবিউল, মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাবেক সাংগঠনিক সম্পাদক সবুজ মিয়া, ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ খান বাপ্পি, মহানগর উত্তরের সভাপতি আরাফাত এবং ছাত্রনেতা ঈসমাইলসহ অন্যান্য নেতারা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন