রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হবে। আগামীকাল শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় অনুষ্ঠেয় এ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৪ জুলাই) সকালে বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, ‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’ যৌথভাবে এ স্মরণসভার আয়োজন করেছে।
এদিকে, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত ৯ দিনের কর্মসূচির সমাপনী দিনে, আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত ছাত্র সমাবেশেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের।
এর আগে, বৃহস্পতিবার জাতীয়তাবাদী ছাত্রদল এ কর্মসূচি ঘোষণা করে। আগামী ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে একটি আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। পরে ধারাবাহিক বিভিন্ন আয়োজন শেষে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন