টানা দুই বছর বন্ধ থাকার পর গত ২৮ জুন বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন (ট্যুরিস্ট) ভিসা পুনরায় চালু করা হয়েছে। ভিসা কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে আবেদনকারীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। এ পরিস্থিতিতে আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে এক বার্তায় এ তথ্য জানায় ভারতীয় হাইকমিশন।
বার্তায় বলা হয়, “বিভিন্ন উদ্দেশ্যে ভারত ভ্রমণে আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে পাওয়া বিপুল সাড়ায় আমরা সত্যিই উৎসাহিত। আমরা আমাদের ভিসা পরিষেবা আরও বিস্তৃত করা এবং আবেদন প্রক্রিয়াকে অধিকতর সহজ, সাবলীল ও সুবিধাজনক করে তুলতে কাজ করে যাচ্ছি। এ সময়ে আপনাদের ধৈর্য ও সহযোগিতার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।”
এতে আরও বলা হয়, “ভারতীয় হাইকমিশন ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও নিবিড় করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
এর আগে গত ২৫ জুন প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা পুনরায় চালুর ঘোষণা দেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি জানান, ২৮ জুন থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা সুবিধা আবার চালু করা হবে।
সেই সময় তিনি আরও জানান, পর্যায়ক্রমে ভারতের ভিসা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক করা হবে। পাশাপাশি মানবিক দিক বিবেচনায় মেডিক্যাল ভিসার আবেদন দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে চিকিৎসাপ্রত্যাশীরা সহজে প্রয়োজনীয় সেবা পেতে পারেন।
প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে পর্যটন ভিসার আবেদন জমা দেওয়া যাবে। পরবর্তী সময়ে দেশের অন্যান্য শহরের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)-এও এ সেবা চালু করা হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন