চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে একটি অয়েল ট্যাংকারসহ ১২ হাজার ৭০০ লিটার চোরাই ডিজেল জব্দ করেছে নৌ পুলিশ। এ ঘটনায় ট্যাংকারের সুপারভাইজার, মাস্টার ও স্টাফসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমানের নেতৃত্বে কর্ণফুলী নদীর চট্টগ্রাম বন্দরের ৬ নম্বর ভেসেল পয়েন্ট জেটি-সংলগ্ন এলাকায় ‘ওটি ইশরাত’ নামের একটি অয়েল ট্যাংকারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ট্যাংকার থেকে ১২ হাজার ৭০০ লিটার চোরাই ডিজেল উদ্ধার করা হয়। একই সঙ্গে ডিজেল স্থানান্তরের কাজে ব্যবহৃত একটি পাম্প মোটর ও পাইপ জব্দ করা হয়।
ডিজেলের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ট্যাংকারে থাকা ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— আরিফুল ইসলাম (৩০), সাইদুল ইসলাম ওরফে ইশাদ (২২), আব্দুল হালিম (৩৫), নুরুল মোস্তফা (২৬), জালাল আহমদ (৬০) ও নুরুল আমিন (৫০)।
নৌ পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছেন যে, বিভিন্ন উৎস থেকে অবৈধভাবে সংগ্রহ করা ডিজেল ট্যাংকারে ভর্তি করে বিক্রির উদ্দেশ্যে বাংলাবাজার ঘাটের দিকে নেওয়া হচ্ছিল। তারা দীর্ঘদিন ধরে কর্ণফুলী নদী ও আশপাশের ঘাট এলাকায় সংঘবদ্ধভাবে চোরাই ডিজেল কেনাবেচার সঙ্গে জড়িত।
এ ঘটনায় নৌ পুলিশের এসআই মো. মোজাম্মেল হোসেন বাদী হয়ে গ্রেপ্তার ছয়জনসহ অজ্ঞাতনামা আরও দুইজনের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দর থানায় মামলা দায়ের করেছেন।
নৌ পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আরিফুল ইসলাম ২০১৭ সালের একটি হত্যা মামলার আসামি। এছাড়া আব্দুল হালিমের বিরুদ্ধে ফেনীর ছাগলনাইয়া থানায় দুটি ডাকাতি ও তিনটি মাদক মামলা রয়েছে। তদন্তের মাধ্যমে চোরাই জ্বালানি তেলের এ চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন