চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধভাবে গড়ে ওঠা একটি ইটভাটাকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এ সময় জেলা প্রশাসকের অনুমতি ছাড়াই ইটভাটা স্থাপন করে ইট প্রস্তুত এবং ইট পোড়ানোর কাজে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করার অপরাধে একটি ইট প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে এই জরিমানা করা হয়। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা এলাকায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানি আকন।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানি আকন বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের ধারা লঙ্ঘনের দায়ে ইলশা গ্রামের মেসার্স মদিনা ব্রিকসের মালিককে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অবৈধ ইটভাটা বন্ধে অভিযান পরিচালনার সময় চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট প্রসিকিউটর জান্নাতুল ফেরদৌস, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদারসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন