ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী এনামুল হক এনাম। পটিয়ার সর্বমোট ১১৩টি কেন্দ্রের ভোট গণনা শেষে ধানের শীষ প্রতীকে ১৩৪০৬০ ভোট পেয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোমবাতি প্রতীক পেয়েছে ২৮৮০৬ ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ২০৯৪০ ভোট।
১২ ফেব্রুয়ারি রাতে পটিয়া উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই ফল ঘোষণা করা হয়। তবে পোস্টাল ভোট যুক্ত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে রিটার্নিং অফিসার ফল ঘোষণা করবেন বলে জানা গেছে।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এই আসনে ধানের শীষ প্রতীকের কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী গড়ে ওঠেনি। শুরু থেকেই জনসমর্থনে এগিয়ে ছিলেন এনামুল হক। ভোটের মাঠে তার বিপুল জনপ্রিয়তা, শক্তিশালী সাংগঠনিক ভিত্তি ও নির্বাচনি তৎপরতার প্রতিফলন স্পষ্টভাবে ফুটে উঠেছে ফলাফলে।
এদিকে পটিয়া উপজেলাজুড়ে ভোটগ্রহণ মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বিভিন্ন কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা গেছে এবং ভোটারের দীর্ঘ সারিও দেখা যায়। উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উল্লেখ্য, একটি পৌরসভা ও উপজেলার ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত পটিয়া সংসদীয় আসনে মোট ১১৩টি ভোটকেন্দ্র রয়েছে। এই আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ১৯৫ জন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন