বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ফাহাদ খান (৩০) সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন।
সোমবার রাতের দিকে চরাদি ইউনিয়নের হলতা গ্রামের সরদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত ফাহাদ খান চরাদি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং কামাল হোসেন খানের ছেলে।
গুরুতর অবস্থায় তাকে প্রথমে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেন।
আহত অবস্থায় ফাহাদ খান অভিযোগ করে বলেন, তাদের প্রতিবেশী নুরুল ইসলাম হাওলাদারের ছেলে ও চরাদি ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল ইসলাম রানা, মোশাররফ হোসেন (পান্নু) খানের ছেলে আরিফ খান, সুলতান খানের ছেলে কাজী রিয়াজসহ অজ্ঞাত ২-৩ জন তার ওপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে জখম করে।
ফাহাদ দাবি করেন, হলতা বাজারের এক ডিশ ব্যবসায়ীর কাছে ইউপি সদস্য রানাসহ কয়েকজন চাঁদা দাবি করেন। এ ঘটনায় তিনি প্রতিবাদ জানান এবং ওই ব্যবসায়ীর সঙ্গে থানায় যান। এর জের ধরেই তার ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, ইউপি সদস্য রানা স্থানীয়ভাবে প্রভাবশালী এবং তার সঙ্গে বাকেরগঞ্জ থানার ওসির সুসম্পর্ক রয়েছে। হামলায় তার মৃত্যু হলে উল্লেখিত ব্যক্তিদের দায়ী করেন বলে জানান তিনি।
এদিকে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
বাকেরগঞ্জ থানার ওসি কে এম সোহেল রানা এ প্রসঙ্গে বলেন, ডিশ ব্যবসা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে গত সপ্তাহে একটি চাঁদাবাজি ও অন্যান্য ধারায় দুটি মামলা হয়েছে। সেই ঘটনার ধারাবাহিকতায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন