সিলেট নগরের আখালিয়া এলাকার দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে বিজিবি, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।
মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) প্রধান ফটকের সামনে রাস্তার অপর পাশে কয়েকটি দোকানে আগুন লাগে।
বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে বিজিবি সদস্যরা প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে এসে বিজিবি সদস্য ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। সবার সম্মিলিত প্রচেষ্টায় রাত সাড়ে ১২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় মুদি দোকান, ইলেকট্রনিক্স মেরামতের দোকান, আসবাবপত্রের দোকান এবং সাইকেল ও মোটরসাইকেল ওয়ার্কশপসহ প্রায় ৮ থেকে ১০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।
ঘটনার পর এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন